গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা মনে রাখতে হবে।
সংবাদপত্রের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতার সমন্বয় থাকলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনলাইন গণমাধ্যমকে নীতিমালার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন মিডিয়া এখন পৃথিবীর বাস্তবতা। আমি নিজেও অনলাইনে থাকি।
তিনি বলেন, দেশের অনেক অনলাইন রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সংবাদ পরিবেশন করছে, কিন্তু কিছু অনলাইন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে এ দায়বদ্ধতা মানছে না। তাই অনলাইনগুলোতে রেজিস্ট্রেশনের আওতায় আনার কাজ চলছে। ইতিমধ্যে অনেক অনলাইনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
এলাকার সন্তান হিসাবে চট্টগ্রামের প্রতি বিশেষ দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এই দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের উন্নয়নে যতদূর সম্ভব সব করব। তিনি বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, কর্ণফুলীর তলদেশে টানেলসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। চট্টগ্রামের এ অর্থনৈতিক কার্যক্রম আগামী ৫ বছরে দ্বিগুণ হবে।
তিনি জানান, আগামী পহেলা বৈশাখ থেকে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে ৯ ঘণ্টা সম্প্রচার শুরু হবে। কয়েক মাস পর ১২ ঘণ্টায় উন্নীত করা হবে। আগামী বছর এটি বিটিভির দ্বিতীয় টেরিস্ট্রিয়াল চ্যানেল হিসেবে সমগ্র দেশে সম্প্রচার শুরু করবে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বিএফইউজে’র সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।