বকেয়া টাকা চাওয়ায় চা দোকানি খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাওনা টাকা চাওয়ায় মো. নুরুল ইসলাম (৬০) নামে এক চায়ের দোকানদার খুন হয়েছে। নুরুল ইসলাম আবু পুকুর পাড় এলাকার মৃত আবদুল হাদীর পুত্র।

রবিবার দুপুরে উপজেলার বারৈয়াঢালা পশ্চিম লালানগর আবু পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম বাড়ির পাশেই একটি চায়ের দোকান চালাতেন। রবিবার দুপুরে স্থানীয় মোশারফের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত মোশারফ দোকানদার নুরুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। মোশারফের সঙ্গে তার বাবা ও ভাই দা নিয়ে নুরুল ইসলামকে আঘাত করে। স্থানীয়রা নুরুল ইসলামকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ওসি অপারেশন মো.জাব্বারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে আসলে সঠিক বিষয় উদঘাটন করে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।