জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও চিত্রনায়িকা তমা মির্জা। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসাবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে কয়েকটি ছবি নিয়েই ব্যস্ততা চলছে তার। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বেশ ফ্যাশন সচেতন। তার সাজ-পোশাক আলাদাভাবে দর্শকদের আকৃষ্ট করেন। এই তারকাকে এবার পাওয়া গেল ফ্যাশন শোর মঞ্চে। গত শনিবার সন্ধ্যায় ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত ‘ফ্লেভারস অব সিজন ঢাকা রানওয়ে শো-২০১৯’তে র্যাম্পের মঞ্চ মাতালেন তিনি। দেশের কয়েকজন তরুণ মেধাবী ফ্যাশন ডিজাইনারদের নিয়ে এই আয়োজন করা হয়। এই আয়োজন গত তিন বছর ধরে হচ্ছে। এবারই প্রথম এতে অংশ নিলেন জনপ্রিয় ডিজাইনার সৌমিন আফরিন। তার নিজস্ব ফ্যাশন হাউস ‘হুর বাই সৌমিন আফরিন’-এর পোশাকে শো স্টপার হিসেবে র্যাম্পে হাটেন তমা মির্জা। তার পরণে ছিল গাঢ় হলুদ রঙের ভিন্নকাটের কেপ গাউন। তমার গ্ল্যামার, উপস্থাপনা ও সৌমিনের ট্রেন্ডি পোশাক, সব মিলিয়ে উপস্থিত দর্শকের দৃষ্টি কেড়ে নেয়।
তমা বলেন, ‘ফ্যাশন সম্পর্কে আমি সব সময় সচেতন থাকি। তবে নিয়মিত ফ্যাশন শো করার সময় পাই না। বিশেষ কিছু হলে করি। সৌমিনের পোশাক এত সুন্দর ছিল যে তাকে না করতে পারিনি।’