আসন্ন রিহ্যাব মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ সম্পন্ন হয়েছে। মেলায় চলতি বছর ২০২টি স্টল থাকছে। গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে স্টল বরাদ্দের কাজ শেষ হয়। কো-স্পন্সর, জেনারেল স্টল এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস এই তিন জোনে ভাগ থাকবে এবারের রিহ্যাব ফেয়ার। স্টল বরাদ্দ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। স্টল বরাদ্দ অনুষ্ঠান পরিচালনা করেন রিহ্যাব পরিচালক এবং রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী।
এ বছর পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৯ অনুষ্ঠিত হবে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় মেলায় রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
রিহ্যাব ফেয়ারে এ বছর র্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার থাকছে একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল। এ ছাড়া থাকছে টিভি, ফ্রিজ, মোবাইলফোনসহ আরও আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিনের র্যাফেল ড্রয়ে থাকছে তিন রাত চার দিনের হোটেল প্যাকেজসহ সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্যাংককের কাপল এয়ার টিকিট।