পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের সভায় জানিয়েছেন, আমরা সবাই নজরদারিতে আছি। মন্ত্রীরা প্রধানমন্ত্রীর বাড়তি নজরদারিতে রয়েছেন। কিন্তু আমাদের নজরদারি খুবই দুর্বল। আমাদের নজরদারি বাড়াতে হবে। নজরদারি যদি না করা হয় তাহলে দুর্নীতি হবে। এই সরকার এটা চাইবে না।’
গতকাল রবিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ‘সুনামগঞ্জ উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘সুনামগঞ্জে রেললাইন অবশ্যই হবে। ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন আমার জীবদ্দশায় হবে।’
মন্ত্রী বলেন, ‘হাওরের কাজে গাফিলাতি করা যাবে না, সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।’