ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র দেওয়ান হাসিবুল। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের পাশের টিলায় এ ঘটনা ঘটে। এক সহপাঠী জানান, ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হাসিবুল সহপাঠীর সঙ্গে টিলায় ঘুরতে গেলে ছিনতাইকারীরা তাদের ঘিরে ধরে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চায়। এ সময় হাসিবুল বাধা দিলে ছিনতাইকারীরা গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত হাসিবুলকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।