শপথ নিচ্ছেন গণফোরামের ২ সাংসদ

নির্ধারিত ৯০ দিনের মধ্যেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ থেকে নির্বাচিত মোকাব্বির খান। গতকাল রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এই তথ্য জানান সুলতান মোহাম্মদ মনসুর। তবে কবে শপথ নেবেন তা নিশ্চিত করে জানাননি তিনি।

গণফোরামের প্রার্থী হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে জয় পান ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী ওই আসনে কখনো বিজয়ী হতে পারেননি। ১৯৯১ ও ২০০১ সালে যখন বিএনপি সরকার গঠন করেছিল তখনো এ আসনে জামানত হারান বিএনপির প্রার্থী। এবার ধানের শীষ প্রতীক নিয়ে হাড্ডাহাডি লড়াই করে এই আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ ত্যাগী দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর। এর আগে ১৯৯৬ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

সুলতান মনসুর দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা তো কখনো বলিনি শপথ নেব না। আমরা শপথ নিচ্ছি অবশ্যই। তবে কবে নেব তা এখনই বলতে পারছি না। এখনো সময় আছে। ৯০ দিনের মধ্যে শপথ নিলেই হবে।’ ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলেও শপথ নিতে আইনি কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি সংসদে যেত, আর আমি যদি তাদের বিরুদ্ধে সংসদে ভোট দিতাম সে ক্ষেত্রে সমস্যা হতো। এখন যেহেতু বিএনপি সংসদে যাচ্ছে না, তাই আমার শপথে কোনো সমস্যা হবে না। আমি তো গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে সংসদে কথা বলার জন্য। তাদের জন্য কাজ করতেই আমাকে সংসদে যেতে হবে।’

এদিকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে গত শনিবার আবারও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।