কুমিল্লার মামলায় জামিনের মেয়াদ বাড়ল খালেদার

কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ বেড়েছে। নতুন আদেশে মামলার বিচারিক কার্যক্রম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন। গতকাল রবিবার জামিনের মেয়াদ বাড়ানো সংক্রান্ত একটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে এ মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। আদেশের পর এহসানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, নতুন আদেশের ফলে এই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন খালেদা জিয়া। 

মামলার নথি অনুযায়ী, বিএনপি-জামায়াতের ডাকা টানা অবরোধ-হরতালের সময় ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহত ও ২৭ জন আহত হয়। এ ঘটনায় পরদিন ২৬ জানুয়ারি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আসামি করে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। পরে গত বছর কুমিল্লার সংশ্লিষ্ট বিচারিক আদালতে এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর হলে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি নিয়ে গত বছরের ৬ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট।