মোবাইল ফোনে ভয়েস ও ইন্টারনেটের ক্ষেত্রে যেকোনো প্যাকেজ বা অফারের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ৩০ দিন পর নিয়মটি পর্যালোচনা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
গতকাল রবিবার বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকের ইন্টারনেট ব্যালেন্স (ডেটা) ফুরিয়ে গেলে তিনি পে-পার-ইউজ প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫ টাকার ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ৫ টাকার ইন্টারনেট খরচ হয়ে গেলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডল ও অফারে অপট ইন/সাবস্ক্রাইব করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘অটো-রিনিউ ফিচার’ চালুকৃত ইন্টারনেট প্যাকেজ-বান্ডল-অফারের আওতায় কেনা ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ-বান্ডল-অফারটি পুনরায় চালু হয়ে যাবে। যদি গ্রাহক ‘অটো-রিনিউ ফিচার’ না করেন তাহলে ওপরের নির্দেশনা অর্থাৎ সর্বোচ্চ ৫ টাকা ‘পে-পার-ইউজ’ প্রযোজ্য হবে। মোবাইল ফোন অপারেটরগুলো কী পরিমাণ প্যাকেজ-বান্ডল-অফার দিতে পারবে তার সর্বোচ্চ সংখ্যা পরবর্তী সময়ে নির্ধারণ করে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।
মোবাইল ইন্টারনেটে সাত দিনের নিচে ডেটা প্যাকেজ বন্ধের উদ্যোগ নেওয়ার কথা কিছুদিন আগে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। প্যাকেজের মেয়াদ তিন দিনের নিচে আনা হলেও পরবর্তী সময়ে আরও বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আপাতত এটাই কার্যকর হচ্ছে।’
প্রসঙ্গত, দেশে মোবাইল ফোন অপারেটরগুলোর এখন দুইদিন, একদিনেরও প্যাকেজ রয়েছে। ভয়েস বা ডেটা শেষ না হলেও কেবল মেয়াদ না থাকায় তা ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন না। দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে। অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা ক্ষোভ জানিয়েছেন।