অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার মামলায় আদালতের নির্দেশে জব্দ করা বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
বিবরণী অনুযায়ী, জব্দ করা সম্পত্তির মধ্যে ফালুর রাজধানীর উত্তরখানে দুই জায়গায় ৬৭ শতাংশ জমি, বড় মগবাজারের পাঁচ জায়গায় ৪৫ শতাংশ জমি, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দুটি দোকান, কাকরাইলের দুই জায়গায় ১৮ শতাংশ জমি, বাউনিয়ায় সাড়ে ৮২ শতাংশ নিচু জমি, তেজগাঁও শিল্প এলাকায় সাড়ে ছয় শতাংশ জমি ও দক্ষিণ শাহজাহানপুরে একটি ফ্ল্যাট আছে। ফালুর মালিকানাধীন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি), রোজা এ্যাগ্রো লিমিটেড, রোজা প্রোপার্টিজ লিমিটেড ও স্টার পোরসিলিন প্রাইভেট লিমিটেডের শেয়ারও জব্দ করা হয়েছে।
ফালুর স্ত্রী মাহবুবার জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে গুলশানে ছয়তলা বাড়ি এবং তার নামে থাকা ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি), রোজা এ্যাগ্রো লিমিটেড ও এমএএইচ সিকিউরিটিজ লিমিটেডের সব শেয়ার।
দুদকের কর্মকর্তারা জানান, ২০১৭ সালে করা পৃথক দুই মামলার তদন্তের স্বার্থে গত সেপ্টেম্বরে আদালত থেকে ওই জব্দের নির্দেশনা দেওয়া হয়। আদালতের আদেশের ফলে ফালু ও তার স্ত্রী মাহবুবা স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম চালাতে কোনো বাধা থাকবে না।
এর আগে গত ২১ জানুয়ারি প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে রমনা থানায় এই মামলা করে দুদক। মামলায় ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অন্যদিকে একই বছরের ১০ আগস্ট ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।