শিশুকে যৌন নির্যাতনের দায়ে স্কুল কর্মচারীর যাবজ্জীবন

শিশুকে যৌন নির্যাতনের দায়ে বান্দরবানে এক প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লা মং এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম অংথুই প্রু। তিনি বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ছিলেন।

২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে ওই ছাত্রী অভিভাবকদের কাছে অভিযোগ করে। সাজাপ্রাপ্ত ব্যক্তি তার এক মাস আগে আরও একবার ধর্ষণ করে বলে জানায় ওই ছাত্রী।

পরে ২৭ সেপ্টেম্বর এ ব্যাপারে মামলা করেন ছাত্রীর বাবা। মামলা দায়েরের প্রায় আড়াই বছর পর আদালত অভিযুক্ত ব্যক্তির সাজা ঘোষণা করেন।