সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত গৃহবধূ নাজমা বেগম (৩৭) বাগেরহাট জেলার মংলার কুমারখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তিনি আকমল আলী রোডের মাহবুব কলোনিতে থাকতেন।

ইপিজেড থানার ওসি নুরুল হুদা দেশ রূপান্তরকে জানান, রোববার রাতে নাজমা কাজ শেষে কারখানা থেকে বাসায় ফেরার সময় পথরোধ করে কথা বলছিলেন সাবেক স্বামী রবিউল। কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল নাজমাকে পেটে ছুরিকাঘাত করেন।

 গুরুতর আহত অবস্থায় রাতে স্থানীয়রা নাজমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন।

সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগমের মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

এদিকে ওসি নুরুল হুদা জানান, নাজমা আর রবিউলের বিবাহবিচ্ছেদ হয়েছে দু’বছর আগে। এরপর থেকে রবিউল আকমল আলী রোডের বেড়িবাঁধ ছিন্নমূল এলাকায় থাকতেন। ঘটনা পর রাতেই সাবেক স্বামী রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।