এভিন লুইস ঝড় তুললেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারের ব্যাটে লন্ডভন্ড হলো খুলনা টাইটান্সের বোলাররা। লুইস পেলেন সেঞ্চুরি। কুমিল্লা গড়ল আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এরপর শহীদ আফ্রিদি খুলনার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন। শেষে ওয়াহাব রিয়াজ করলেন হ্যাটট্রিক। এমন ম্যাচে কুমিল্লাই তো জিতবে!
সোমবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ৮০ রানে হারিয়েছে কুমিল্লা। লুইসের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৩৭ রানের স্কোর গড়ে কুমিল্লা। জবাবে ১৮.৫ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। ১৯তম ওভারে হ্যাটট্রিক করে খুলনার ইনিংস গুঁড়িয়ে দেওয়ার কাজ সারেন ওয়াহাব রিয়াজ।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নামা কুমিল্লার প্রথম দশ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৭৭। লুইস ঝড়ে শেষের ১০ ওভারে ১৬০ রান তুলেছে দলটি। যেখানে লুইসের অবদান ৭৩। শেষ পর্যন্ত ১০৯ রানের অপরাজিত ইনিংসটি তিনি খেলেছেন ৪৯ বলে। ১০টি ছক্কাই হাঁকিয়েছেন এই ক্যারিবিয়ান। সঙ্গে ৫টি বাউন্ডারি।
শুরুতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ৫৮ রানের জুটি হয়েছে লুইসের। তামিম ২৫ রান করে ফেরার পর এনামুল হক বিজয় শূন্য রানে ফেরেন। এরপর ইমরুল কায়েসের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি লুইসের। ইমরুল ২১ বলে ২ ছক্কা ও ৪ চারে ৩৯ রান করে ফেরেন। ষষ্ঠ উইকেটে শামসুর রহমান শুভকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৯ রান করেন লুইস; মাত্র ৪ ওভারে।
শামসুর অপরাজিত ছিলেন ২৮ রানে। তার ১৫ বলের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ১ চার। মাঝে থিসারা পেরেরা ৪ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১১ রান। খুলনার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ ও কার্লোস ব্র্যাথওয়েট।
পয়েন্ট টেবিলের তলানির দল খুলনার পক্ষে ২৩৮ রানের লক্ষ্য তাড়া কঠিনই ছিল বটে। তবে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান যোগ করে খুলনা। ব্রেন্ডন টেইলর খেলছিলেন দুর্দান্ত। কিন্তু পর পর দুই ওভারে টেইলর ও মাহমুদউল্লাহতে ফিরিয়ে দেন শহীদ আফ্রিদি।
টেইলর ৩৩ বলে ৫০ রান করে ফেরেন কট অ্যান্ড বোল্ড হয়ে। এক ছক্কা ও পাঁচ চারে সাজান নিজের ইনিংস। তার আগে মাহমুদউল্লাহ ফেরেন ১১ রান করে। ব্র্যাথওয়েট থিতু হয়েও পরাস্ত হন থিসারা পেরেরায়। দলীয় ১৪৩ রানে ২২ রান করে ফেরেন এই ক্যারিবিয়ান। কুমিল্লার বোলারদের পঞ্চম শিকার তিনি।
ততক্ষণ আসকিং রানরেট মেলানো দুরূহ হয়ে পড়েছে খুলনার জন্য। তবে শেষ পর্যন্ত ব্যাট করবে দলটি, এমনই মনে হচ্ছিল। কিন্তু শেষ ছয় উইকেট তারা হারিয়েছে ১৪ রানের ব্যবধানে। ১৯তম ওভারে হ্যাটট্রিক করে খুলনার ইনিংস গুঁড়িয়ে দেওয়ার কাজ সারেন ওয়াহাব রিয়াজ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ওয়াহাব। একে একে ফেরান ডেভিড উইসে, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দামকে। এবারের আসরে যা দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ঢাকা ডায়নামাইটসের বোলার আলিস আল ইসলাম। ম্যাচ সেরা হয়েছেন লুইস।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ২৩৭/৫ (তামিম ২৫, লুইস ১০৯*, ইমরুল ৩৯, শামসুর ২৮*; মাহমুদউল্লাহ ২/৩২, ব্র্যাথওয়েট ২/৪২)।
খুলনা টাইটান্স: ১৮.৫ ওভারে ১৫৭ (টেলর ৫০, জুনায়েদ ২৭; ওয়াহাব ৩/১৪, আফ্রিদি ৩/২৭)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮০ রানে জয়ী।
ম্যাচসেরা: ইভিন লুইস।