খুচরা বাজার যুক্তরাষ্ট্রকে এবছরই ছাড়াবে চীন

অর্থনীতিতে শ্লথ প্রবৃদ্ধি সত্ত্বেও চলতি বছর খুচরা বাজার হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো ছাড়িয়ে যাবে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইমার্কেটারের প্রতিবেদনের বরাতে সিএনএন জানিয়েছে, চলতি বছর চীনে খুচরা বিক্রি বেড়ে ৫ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। এ অঙ্ক যুক্তরাষ্ট্রের তুলনায় ১০০ বিলিয়ন ডলারের বেশি। চীনাদের সম্পদের পরিমাণ বাড়ছে। পাশাপাশি ই-কমার্স সেবার ব্যাপ্তি বাড়ায় দেশটিতে বাড়ছে খুচরা বিক্রি। ইমার্কেটারের জ্যেষ্ঠ পূর্বাভাস পরিচালক মনিকা পার্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোয় চীনা ভোক্তাদের আয় বাড়ায় মধ্যবিত্তের কাতারে এসেছেন অনেকেই। ফলে চীনাদের ব্যয় সক্ষমতা ও ব্যক্তিপ্রতি গড় খরচ বেড়েছে।

ইমার্কেটারের প্রতিবেদনে বলা হয়, আসছে বছরগুলোয় চীন ও যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে পার্থক্য আরও বিস্তৃত হবে। ২০২২ সাল পর্যন্ত চীনের খুচরা বাজার প্রসারিত হবে দ্রুতগতিতে। চীনের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ও জেডি ডটকম  দেশটিতে খুচরা বাজারের দ্রুত প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।