বেপরোয়া ট্রাক

বিমানবন্দরে প্রাণ দিলেন শ্যালক দুলাভাই

একদিনেই রাজধানীসহ তিন জেলায় ট্রাক চাপায় সাত জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকার কেরাণীগঞ্জে স্কুল ফেরত ভাই-বোন ছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকে ডালিম ও মোবারক নামে শ্যালক- দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া মাদারীপুর ও রাজবাড়ীতে ট্রাক চাপায় দু’জন নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ফটকে দূর্ঘটনায় নিহত ডালিম ও মোবারকের লাশ সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায় নিয়ে যান স্বজনরা।

বিমানবন্দর থানার এসআই আসাদুজ্জামান বলেন, ‘নরসিংদী থেকে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে রবিবার বিকেলে বিমানবন্দর এলাকায় আসেন রুবেল। সোমবার দুপুরে রুবেলের ফ্লাইট। তাকে বিদায় জানাতে সঙ্গে আসেন ছোট ভাই ডালিম (২০) ও ভগ্নিপতি মোবারক (৩০)। রুবেলকে একটি হোটেলে রেখে রাতে বিমানবন্দর দেখতে বের হন ডালিম ও মোবারক। হাজি ক্যাম্পের পাশ দিয়ে পায়ে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করার সময় মূল ফটকের সামনে বগুড়াগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় দুজনকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ঘটনার পরপরই ট্রাক জব্দ এবং চালক শাহীন (৩৫) ও হেলপার লেবুকে (২২) আটক করা হয়। নিহত ডালিমের বাবা রতন মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।’

নিহত মোবারকের ছোট ভাই জাকির হোসেন জানান, মোবারক রায়পুরায় একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন। মাত্র ১৮ দিন আগেই ডালিমের বড় বোন শাবনুর আক্তারকে বিয়ে করেন তিনি। আর নিহত ডালিম এলাকাতে ডিশ লাইনের ব্যবসা করতেন।

অপর এক সড়ক দুর্ঘটনায় রাজধানীর খিলক্ষেতে বুলবুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাগর (২০) ও কামরুল (২২)। গত রবিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামের রজব আলীর ছেলে। বেসরকারি এআইবি ইউনিভার্সিটিতে কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন তিনি।

খিলক্ষেত থানার এএসআই মো. শাহজাহান কবির বলেন, ‘রাতে খিলক্ষেতের ৩০০ ফিট রাস্তায় দুমড়ে-মুচড়ে পড়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আহত তিনজনকে উদ্ধার করা হয়। তাদের ঢামেক হাসপাতালে নিলে বুলবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দুজনকে ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মাদারীপুর : জেলার শিবচরে চালভর্তি ট্রাক উল্টে মিলন হাওলাদার নামে এক বাঁশ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে শিবচর-পাঁচ্চর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মিলন হাওলাদার শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের মালাই হাওলাদারের ছেলে। শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, ট্রাকটি পৌরসভার দাদাভাই তোরণ সংলগ্ন এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় পথচারী মিলন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

রাজবাড়ী : শহরের অদূরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে পলাশ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ রাজবাড়ী পৌরসভার ধুঞ্চী গ্রামের সিদ্দিক শেখের ছেলে হৃদয় শেখ (২৪) ও একই এলাকার রজব আলীর ছেলে শান্ত (২২)।

পুলিশ জানায়, ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় রাজবাড়ী থেকে গোয়ালন্দ অভিমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী দুজনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

কুমিল্লা : জেলার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাউকসার বাজার সংলগ্ন এলাকায় দোয়েল সুপার পরিবহনের একটি বাস রাস্তার পাশে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।