ফেনীতে ‘দুই গ্রুপের গোলাগুলিতে’ নিহত ১

ফেনীতে কষাই বাবুল (৪২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ডাকাত দলের দুই গ্রুপের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে দেওয়ানগঞ্জ এলাকায় ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা চলে গেলেও একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুলের বাড়ী ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায়। তার বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।