ট্রাক উল্টে নদীতে, নিখোঁজ ৪জনের মৃতদেহ উদ্ধার

আশুলিয়ার মরাগাং এলাকায় একটি ইটবোঝাই ট্রাক উল্টে নদীতে পড়ে ৪জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকার মেঘনা ব্রিক ফিল্ড থেকে সড়কে উঠার সময় উল্টে ট্রাকটি খাদে পড়ে যায়।

এ সময় ট্রাকে চালক ও তার সহকারী ছাড়াও পাঁচ শ্রমিক ছিলেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলে পারলেও চারজন নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও দুটি ডুবরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে চালকসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে সাড়ে ১০টার দিকে আরও একজনের মৃতদেহ পাওয়া যায়। দুপুরের দিকে আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকার জিল্লু হকের ছেলে ট্রাকের শ্রমিক আরিফ (২৬), জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকার ইসলাম মুন্সির ছেলে নিরাপত্তা কর্মী আব্দুল কাদের (৪০) এবং শেরপুর জেলার ঝিনাইগাতি থানা এলাকার ট্রাকের চালক মুজাহিদ (২৫) ও শ্রমিক শাহিন (৩৫)। তারা আশুলিয়া এলাকায় ভাড়া থেকে ইটভাটার ট্রাকে কাজ করতেন।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।