সুরকার হিসেবে ১৪টি গানের প্রজেক্ট করছি

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। গান গাওয়ার পাশাপাশি বর্তমানে সুরকার হিসেবেও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন একটি নাটকের গানেও। তার সাক্ষাৎকার নিয়েছেন মাসিদ রণ

১৪টি গানের প্রজেক্ট ...

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আর ডেইলি স্টার প্রতি বছর ‘সেলিব্রেটিং লাইফ’ নামের একটি প্রতিযোগিতা করে। এখানে একটি থিমের ওপর গান পাঠায় সাধারণ মানুষরা। তা থেকে সেরা গানগুলো তৈরি করা হয়। এবারের থিম ছিল দেশের স্থাপত্যশিল্পের বর্ণনা ও মানবতার আহ্বান। ১৪টি গান নির্বাচন করে তা গাওয়ানো হচ্ছে সিনিয়র ও জুনিয়র সব ধরনের শিল্পী দিয়ে। সবকটি গানে আমি সুর করছি। কাজটি কঠিন হলেও আমি বেশ উপভোগ করছি। কারণ গানগুলোর কথা বেশ নীরস, তার মধ্যে সুরের মাধ্যমে মেলোডি বের করা বেশ কষ্টসাধ্য। এরইমধ্যে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, রফিকুল আলম, এলিটা, পিন্টু ঘোষ, আঁচল, ঋতু প্রমুখ। এই গানগুলো নিয়ে একটি অ্যালবাম প্রকাশ হবে।

নতুন গান ...

সম্প্রতি আমার চারটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। গানগুলো হলো হায় প্রেম, অন্য জীবন, পাহাড় সমান ও হাতে হাত রেখে। শেষ গানটি আমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন বাপ্পা মজুমদার। এর আগে ইনামুল করিম নির্ঝরের ‘কানসুতা’ অ্যালবামে পাঁচটি গান করেছি। নিজের একক অ্যালবাম ‘ভুল করে ভালোবেসেছি’ প্রকাশ হয়েছে বেঙ্গল থেকে। একই প্রতিষ্ঠান থেকে বাবার (মাহমুদুন্নবী) গান নিয়ে আমি আর সোমা (সামিনা চৌধুরী) একটি অ্যালবাম করেছি। ‘আমার গানের প্রান্তে’ শিরোনামের অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে অচিরেই।

নাটকের গানে...

প্রায় দুই মাস আগে ‘ঝরা পাতার কাব্য’ নামক নাটকের জন্য একটি গানে কণ্ঠ দিয়েছিলাম। ‘বন্ধু তোমায় খুঁজি নির্ভরতার খোঁজে, আমার কণ্ঠ জড়িয়ে আসে দুচোখ বুজে কাঁদি, টপটপ জলের ফোঁটায় নিভে যায় মোমবাতি’ এমন কথার গানটি লিখেছেন ওয়াহিদ পলাশ। সুর ও সংগীত পরিচালনা করেছেন রুমন। প্রায় এক বছর পর কোনো নাটকের গান গাওয়া হলো। নতুন এই গানটির কথা ও সুর অনেক সুন্দর। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। নাটকের গল্পটি যতদূর শুনেছি, ভালো লেগেছে। রিয়াদ শিমুলের রচনা এবং ওয়াহিদ পলাশের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন বন্যা মির্জা ও ইরফান সাজ্জাদ। ফেব্রুয়ারির প্রথম দিকে নাটকটি প্রচারিত হবে এনটিভিতে।