বাংলাদেশের চলমান উন্নয়নকাজে এডিবির সহায়তা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেছেন, বাংলাদেশের চলমান উন্নয়নকাজে এডিবির সহায়তা বৃদ্ধি করলে বড় প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ট্রেড ফ্যাসিলিটেশনের আওতায় ১৩১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ল্যান্ড কাস্টমস স্টেশনের অবকাঠামোর উন্নয়ন, টঙ্গী ও জয়দেবপুরে ইনল্যান্ড কনটেইনার ডিপো উন্নয়ন এবং এডিবি ও জিবিওর অর্থায়নে ট্রেড ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির ওপর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ ছাড়া বুড়িমারী স্থলবন্দর উন্নয়নে এডিবির অর্থায়নে এরই মধ্যে একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বেনাপোল স্থলবন্দর উন্নয়নে ১০০ কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনগুলোতে বাংলাদেশে এডিবির সহায়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।’
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, ডব্লিউটিওর মহাপরিচালক মুনির চৌধুরী প্রমুখ।