ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
ট্রলির চালক ফখরুল জানায়, বেলা ১২টার দিকে সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও নিমবাড়ি এলাকায় ট্রলিতে করে চালকসহ তিনজন রুহিয়ায় যাচ্ছিল। এ সময় গাড়ি বিকল হয়ে গেলে সড়কেই গাড়িটি আটকে যায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী মাটি বোঝাই ট্রাক্টর এসে ধাক্কা দেয়। এতে চালকসহ ৩ ট্রলি যাত্রী আহত হয়। এদের মধ্যে আনোয়ার হোসেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সে পুরাতন ঠাকুরগাঁও বকশের হাট গ্রামের দবিরুল ইসলামের ছেলে। আহতে ট্রলি চালক ফখরুল ইসলামসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে জেলার রানীশংকৈল উপজেলার পাইলট স্কুল মোড়ে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হেলপার আবদুর রহিম চাকার নিচে পিষ্ট হয়। এতে রহিম ঘটনাস্থলেই প্রাণ হারায়। রহিম বাচোর ইউনিয়নের দশিয়া গ্রামের মো. সেলিম এর ছেলে। আহত হয় ট্রলির চালক খোকন। তাকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রহিম মারা যায়। রানীশংকৈল থানার ওসি আবদুল মান্নান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।