বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারকাজকে সরকারের প্রভাবমুক্ত রাখা, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে থাকা মামলাগুলোর গ্রহণযোগ্যতা ও আইনের অপপ্রয়োগ হচ্ছে কি না সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা প্রদানসহ পাঁচ দফা দাবিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন’-এর ব্যানারে একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির একান্ত সচিব ইউসুফ আলীর হাতে এই স্মারকলিপি পৌঁছে দেন। এ সময় সংগঠনের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা, মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিনসহ বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপির আইনজীবীরা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তার বিরুদ্ধে যত মামলা আছে কোনো মামলাই রাজনীতির ঊর্ধ্বে নয়। সব মামলাই রাজনৈতিক। তিনি বলেন, এই সরকার খালেদা জিয়াকে ভয় পায়। এজন্য তারা তাকে শুধু কারাগারেই রাখেনি, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করে তার মুক্তি বিলম্বিত করছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে। এ কারণেই খালেদা জিয়া ন্যায়বিচার পাচ্ছেন না। তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।