দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, ‘নোয়াখালীর ভাসানচরে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করা হবে না। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বয় করে রোহিঙ্গাদের সম্মতির ভিত্তিতেই স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে আশ্রয়শিবিরে অক্সফাম ও জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) যৌথ উদ্যোগে বাস্তবায়িত পয়োবর্জ্য শোধনাগার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া শোধনাগারে দেড় লাখ মানুষের পয়োবর্জ্য পরিশোধন করা সম্ভব হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ ধরনের প্ল্যান্ট জরুরি অবস্থা মোকাবিলা ও পয়োবর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নিরাপদ ও বড় অগ্রগতি, যা নির্মাণে বাঁশসহ বিভিন্ন গাছ ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে।’
এনামুর বলেন, ‘এটিতে কার্যকর সফলতা এলে পরবর্তী সময়ে সব রোহিঙ্গাদের পয়োবর্জ্য শোধনে আরও প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা বাংলাদেশের বড় বড় শহরে পয়োবর্জ্য ব্যবস্থাপনার জন্য দৃষ্টান্ত হিসেবে কাজে আসবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এস এম শাহ কামাল, শরণার্থী প্রত্যাবাসন ও ত্রাণ কমিশনার মো. আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরওয়ার কামাল ও অক্সফামের কান্ট্রি ডিরেক্টর দীপংকর দত্তসহ ইউএনএইচসিআর, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো পয়োবর্জ্য শোধনাগারটি কুতুপালং ক্যাম্প-৪-এ স্থাপিত হয়েছে।