একাদশ সংসদ অধিবেশন বসছে আজ মানববন্ধন করবে বিএনপি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বেলা ৩টায় শুরু হবে। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন এবং একাদশ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে গত ৯ জানুয়ারি সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। তবে সংসদীয় রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো এমপি মারা গেলে অধিবেশন শুরুর পর শোকপ্রস্তাব গ্রহণ করে ওই দিনের মতো অধিবেশন মুলতবি করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি মারা গেছেন। ফলে রেওয়াজ অনুযায়ী শুরুর পর শোকপ্রস্তাব গ্রহণ করে অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবির পর পুনরায় শুরু করা হবে। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এদিকে একাদশ জাতীয় সংসদের প্রথম

 অধিবেশনের দিন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে দলটি। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। এ জন্য কমপক্ষে এক ঘণ্টা আগে নোটিস দিতে হয়। এ জন্য একজন প্রস্তাবক, একজন সমর্থক ও প্রার্থীর সম্মতি লাগবে।

বছরের প্রথম ও একাদশ সংসদের প্রথম অধিবেশন হিসেবে আসন্ন অধিবেশনের মেয়াদকাল দীর্ঘ হবে। তবে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এরই মধ্যে অধিবেশন শুরুর সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়।

গত ৩ জানুয়ারি সংসদ ভবনের শপথ কক্ষে চার ধাপে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৮ সদসস্যের মধ্যে ২৮৯ জন শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে সই করেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের শপথ পড়ান। সেদিন অসুস্থতার কারণে আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম শপথ নিতে পারেননি। পরে তিনি মারা যান।

পরে জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদ এবং আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহ শপথ নেন।

গত ৩০ ডিসেম্বর ২৯৯ সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। আর নির্বাচনের দিন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ওই আসনের ফল ঘোষণা করা হয়নি। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২টি এবং বিএনপি পেয়েছে ৬টি আসন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি পেয়েছে তিনটি আসন, গণফোরাম দুটি বিকল্পধারা বাংলাদেশ দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দুটি, তরিকত ফেডারেশন একটি, জাতীয় পার্টি (জেপি) একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জয়ী হন।

সংসদ অধিবেশনের প্রথম দিন মানববন্ধন করবে বিএনপি: গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের এক বছর পূর্ণ হওয়ার দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, ‘ভুয়া ভোটের সংসদ বসছে বুধবার। এ সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রেতাত্মা; এ সংসদ গণবিরোধী। এই সংসদ নিরস্ত্র ভোটারদের ওপর অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রদর্শনকারী গণশত্রুদের আড্ডাঘর। এই কালিমালিপ্ত ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি।’