দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার বার্লিনভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার প্রতিবেদনে দুর্নীতির ধারণা সূচকে গত বছরের চেয়ে বাংলাদেশের ছয় ধাপ অবনতির তথ্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন। আব্দুর রাজ্জাক দেশ
রূপান্তরকে বলেন, ‘এগুলো তথ্যের ভিত্তিতে হয় না। টিআইবি সবসময়ই আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করে। অনেক সময় এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে। এই রিপোর্ট কীভাবে দিল তা নিয়ে আমাদের যাচাই-বাছাই করতে হবে।’
এর আগে ধানমণ্ডির মাইডাস সেন্টারের কার্যালয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থানকে ‘বিব্রতকর অবনতি’ বলে বর্ণনা করেন। এই সূচকে বাংলাদেশের সঙ্গী হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উগান্ডা।
এ বিষয়ে জানতে চাইলে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বলেন, ‘টিআইবি কী তথ্যের ভিত্তিতে প্রতিবেদন দিয়েছে জানি না। রিপোর্ট পড়ে তারপর মন্তব্য করব। তবে এটুকু বলতে পারি, দুর্নীতির বিরুদ্ধে সরকার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি যুদ্ধ ঘোষণা করেছে। এর ফল মানুষ সামনে পাবে।’
দলটির আরেক সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে জিজ্ঞেস করেন। ওনারা বিষয়টি নিয়ে বলবেন।’