১৮ আশুলিয়ায় ট্রাক নদে, ইটভাটার ৩ শ্রমিক নিহত আরও চার জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ

ঢাকার আশুলিয়ায় একটি ইটবোঝাই ট্রাক তুরাগ নদে পড়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে ইটভাটা থেকে সড়কে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি নদে পড়ে তলিয়ে যায়। একই দিন সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় দুজন, ঠাকুরগাঁওয়ে দুজন, নড়াইলে একজন ও চট্টগ্রামে সোমবার রাতে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

সাভার : উপজেলার আশুলিয়ার মরাগাং এলাকায় একটি ইটবোঝাই ট্রাক মেঘনা ব্রিক ফিল্ড থেকে সড়কে ওঠার সময় তুরাগ নদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা তিনজন সাঁতরে তীরে উঠে আসেন। ভোর ৬টার দিকের এ ঘটনায় নিখোঁজ

হন ট্রাকের চালকসহ চারজন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও দুটি ডুবুরি দল প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪০ ফুট গভীর থেকে ট্রাকটি উদ্ধার করে। চারজনের লাশও পাওয়া যায়।

নিহতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ঘাঘরা গ্রামের বাসিন্দা ট্রাকচালক মুজাহিদ (২৫), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকার জিল্লু হকের ছেলে ও ট্রাকের শ্রমিক আরিফ (২৬), জামালপুর জেলার মেলান্দহ থানার ইসলাম মুন্সির ছেলে আবদুল কাদের (৪০) ও শেরপুরের শাহিন (৩৫)। তারা সবাই আশুলিয়া এলাকায় ভাড়া থেকে ইটভাটার কাজে ব্যবহৃত ট্রাকে কাজ করতেন।

উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকচালক মুজাহিদ ও নিরাপত্তাকর্মী আবদুল কাদেরের লাশ উদ্ধার করা হয়। এক ঘণ্টা পর আরও দুজনের লাশ পাওয়া যায়।’

উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মানিকুজ্জামান বলেন, ‘ভারি ক্রেনের মাধ্যমে ট্রাকটি পানির তলদেশ থেকে উদ্ধার করা হয়। খাদের গভীরতা প্রায় ৪০ ফুট, ঠাণ্ডা পানি ও কুয়াশার কারণে ট্রাক উদ্ধারে বেশি সময় লেগেছে।’ আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ ও ট্রাকটি থানায় আনা হয়। পরে স্বজনদের আবেদনের ভিত্তিতে মৃতদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কুষ্টিয়া : জেলার দৌলতপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মুস্তাকিম (২২) ও তার খালাতো ভাই সাজিদ (২৩) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারের সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ভেড়ামারা থেকে আল্লারদর্গা যাওয়ার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় বালিভর্তি একটি ড্রাম ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

ঠাকুরগাঁও : জেলা সদর ও রানীশংকৈলে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। দুপুর ১২টার দিকে সদরের পুরাতন ঠাকুরগাঁও নিমবাড়ী এলাকায় ট্রলিতে চড়ে দুই যাত্রী রুহিয়ায় যাচ্ছিল। একপর্যায়ে গাড়ি বিকল হয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাটিবোঝাই একটি ট্রাক্টর ধাক্কা দিলে ট্রলির তিন আরোহীই আহত হন। তাদের মধ্যে আনোয়ার হোসেনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি পুরাতন ঠাকুরগাঁও বকশের হাট গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

জেলার রানীশংকৈল উপজেলার পাইলট স্কুল মোড়ে মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হেলপার আবদুর রহিম চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। রহিম বাচোর ইউনিয়নের দশিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাক্টরের চালক খোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নড়াইল : জেলার কালিয়া উপজেলায় গতকাল দুপুরে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কালিয়া-গোপালগঞ্জ সড়কে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির জানান, দুপুর ১২টার দিকে মুলশ্রী গ্রামের মোসলেম সরদারের ছেলে ইসরাফিল সরদার (৩০) নছিমন নিয়ে চাপাইল ব্রিজঘাট থেকে কালিয়ার দিকে যাচ্ছিলেন। সড়কের মুলশ্রীতে চাপাইলগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নছিমনচালক ঘটনাস্থলেই মারা যান। উপজেলার সরসপুর গ্রামের ইজিবাইকচালক আলমগীর বিশ্বাসকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম : জেলার চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় সোমবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন হামিদ হাসান মিশকাত (২১) ও সাইফুল ইসলাম রিকু (২১)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়া থেকে দুই বন্ধু চট্টগ্রাম শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাইফুল নিহত হন। গুরুতর অবস্থায় মিশকাতকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টায় তার মৃত্যু হয়।

মিশকাত লোহাগাড়া উপজেলার কলাউজানের মৃত ওসমান ফারুকের ছেলে, সাইফুলের বাড়ি চন্দনাইশে। নিহত মিশকাত হাজী মুহাম্মদ মহসীন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা দুই বন্ধুই দক্ষিণ জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান মহসীন কলেজের ছাত্রলীগ নেতা মাঈমুনউদ্দিন মামুন।