নতুন বছরে সিটিকে প্রথম হারের স্বাদ দিল নিউক্যাসেল

থামল নতুন বছরে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত পথচলা। দলটির জয়রথ টেনে ধরেছে নিউক্যাসেল ইউনাইটেড। দলটির মাঠে খেলতে গিয়ে হার মেনেছে পেপ গুয়ার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ২-১ গোলে হারে সিটি। এই ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতায় গত সাত ম্যাচের সবকটিতেই জয় পায় তারা। নতুন বছরে এটাই তাদের প্রথম হার।

ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান ধরে রাখতে পারেনি সিটি। দ্বিতীয়ার্ধে খেয়ে বসে দুটি গোল। ২০০৫ সালের সেপ্টেম্বরের পর নিউক্যাসেলের কাছে এটাই সিটির প্রথম হার।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্তই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে সিটি। খেলা শুরুর ২৪ সেকেন্ডেই এগিয়ে যায় তারা। রাহিম স্টার্লিংয়ের ক্রসে দাভিদ সিলভার হেডে জালের খুব কাছে বল পেয়ে যান সের্হিও আগুয়েরো। বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটা তার সপ্তদশ গোল।

এরপর আরও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সিটি। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় তারা।

৬৬তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় নিউক্যাসেল। আইজ্যাক হেইডেনের হেডে ডি-বক্সে বল পেয়ে যান সলোমন রনডন। খুব কাছ থেকে নেওয়া ডান পায়ের শটে জালে বল জড়ান ভেনেজুয়েলার এই স্ট্রাইকার।

৮০তম মিনিটে স্পটকিক থেকে জয়সূচক গোল পায় নিউক্যাসেল। দলটির মিডফিল্ডার সেন লংস্টাফকে সিটির ফের্নান্দিনিয়ো ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল হয়নি স্বাগতিক দলের উইঙ্গার ম্যাট রিচের।

বাকি সময়ে ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি সিটি। এই হারে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমানো সম্ভব হলো না সিটির জন্য। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে গত আসরের চ্যাম্পিয়নরা আছে দ্বিতীয়স্থানে।

শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৩ ম্যাচে ৬০। ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

দিনের অপর ম্যাচে বার্নলির সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে। কার্ডিফ সিটিকে ২-১ গোলে হারানো আর্সেনাল ৪৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চমস্থানে।