তৃতীয় জয় বসুন্ধরা কিংসের

প্রিমিয়ার লিগে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বসুন্ধরা কিংস। তিন জয়ে সবার ওপরে কিংস আর নোফেল দুই খেলায় হার দিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে।

প্রথম ১০ মিনিটে দু’দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও এরপর জ্বলে ওঠেন বসুন্ধরার কলিনদ্রেস, বখতিয়ার ও মতিন মিয়ারা। ১৩ মিনিটে নোফেলের মোহাম্মদ এরশাদকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কিংসের স্প্যানিশ ডিফেন্ডার জর্জ গোটর। পরের মিনিটেই কিংসের অধিনায়ক কলিনদ্রেসকে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য হলুদ কার্ড দেখেন নোফেলের রানা। ২৩ মিনিটে বখতিয়ারের বাড়িয়ে দেওয়া বল নোফেলের তিন খেলোয়াড় ও গোলকিপারকে বোকা বানিয়ে অসাধারণ শটে মতিন মিয়া ১-০-তে এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে। ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে অস্কার ব্রুজেনের শিষ্যরা। ৩০ মিনিটে কলিনদ্রেসের অসাধারণ ফ্রি-কিক নোফেলের বারে না লাগলে ব্যবধান বাড়ত প্রথমার্ধেই।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুই দলের খেলা কিছুটা এলোমেলো হলেও পরে বসুন্ধরা ঠিকই ঘুরে দাঁড়ায়। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ৮৪ মিনিটে কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদের শট নোফেলের এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় নোফেলের জালে। এতেই ২-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। খেলার শেষদিকে আরও মরিয়া কিংস। কিন্তু সুযোগ নষ্ট করায় বাড়েনি ব্যবধান।

খেলা শেষে শেখ কামাল স্টেডিয়ামের সম্মেলনকক্ষে বসুন্ধরা কিংস সংবাদ সম্মেলন করলেও মাঠ থেকে সোজা চলে যান নোফেল স্পোর্টিংয়ের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা।