উপজেলা নির্বাচন

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দেবে না আওয়ামী লীগ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে একক প্রার্থী দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরও বলা হয়, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদ দুটি উন্মুক্ত থাকবে। 

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন প্রদান করবে না মনোনয়ন বোর্ড।’ এবার দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮১টিতে পাঁচ ধাপে নির্বাচন হবে। আগামী মার্চের মধ্যে চার ধাপে ৪৬৪টি উপজেলায় নির্বাচন শেষ করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। বাকিগুলোতে ভোট হবে ঈদুল ফিতরের পর।

দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, ‘গঠনতন্ত্রের ২৮ (৪) ধারা মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ গ্রহণপূর্বক জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (৪ জন) স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক ৩ জনের একটি প্রার্থী তালিকা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হলো।’