আসছে শনিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করাসহ র্যাব তৎপর থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ‘প্রশ্ন ফাঁস ও প্রতারণা রোধে’ নেওয়া পদক্ষেপ গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন তিনি।
বেনজীর বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে র্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর থাকব। ‘সাইবার প্যাট্রোলিং অলরেডি’ শুরু হয়েছে। ‘আন্ডার কাভার অপারেশনও’ করবে র্যাব, গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। প্রত্যেক পরীক্ষার হলে র্যাবের কর্মকর্তারা শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবে। প্রশ্ন ফাঁস বিষয়ে কোনো তথ্য থাকলে তা জানাবেন।
তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁসের জন্য যত ধরনের অ্যাপস রয়েছে ও অন্য ধরনের মাধ্যম রয়েছে তা নজর রাখার সক্ষমতা র্যাবের রয়েছে। র্যাবের নিজস্ব গোয়েন্দা সংস্থা ও অন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকব।
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসএসসি পরীক্ষা সামনে রেখে এর মধ্যে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও কোনো কোচিং সেন্টার চলার তথ্য থাকলে অভিযান চালিয়ে তা বন্ধ করা হবে।
অভিভাবক ও ছাত্রছাত্রীদের প্রশ্ন ফাঁসের অপচেষ্টা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘গত বছর আমরা প্রশ্ন ফাঁসের মতো অপকর্মের সঙ্গে জড়িত থাকার দায়ে ১২৮ জনকে গ্রেপ্তার করেছি। অধিকাংশ সময় প্রতারণা করে টাকা নিয়ে যায়, এটা যেন না হয়। সেটা নিয়ে সবাইকে খেয়াল রাখতে অনুরোধ করছি। জাতীয় স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাজীবন সিকিউর করতে সবার সহায়তা চাই।’