বিশেষ ক্ষমতা আইনের মামলা

খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ এপ্রিল

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন-সংক্রান্ত শুনানির জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে গতকাল বুধবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী এ দিন ধার্য করেন।

আদালতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জিয়াউদ্দিন জিয়া। ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ী-ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩১ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় ১৮ নেতাসহ ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়। খালেদা জিয়াকে এই ঘটনার হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয় এজাহারে।

তদন্ত শেষে ওই বছরের ১৮ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। একই ঘটনায় হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনের আরও দুটি অভিযোগপত্র দাখিল করা হয়।