জ্যেষ্ঠ সচিব হলেন ৫ কর্মকর্তা

পাঁচজন সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার। এ ছাড়া তিন সচিবের দপ্তর বদল ও একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এ নিয়ে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়াল ১১ জন। পদোন্নতিপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিবরা আগের দপ্তরেই দায়িত্ব পালন করবেন। তারা হলেনÑ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ সচিব জুয়েনা আজিজ। 

৩ সচিবের দপ্তর বদল : মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলমকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি করা হয়েছে। এ পদে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. শামসুল আরেফিন। আর দুদক সচিবের দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মুহাম্মদ দিলোওয়ার বখত।

অন্যদিকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।