ডাকসু নির্বাচন : ভোটের হিসাবে ‘ঝুঁকিতে’ ছাত্রলী,গ ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন চায় বিএনপি,

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে আগামী ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন দিয়ে ‘বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার’ জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল বুধবার সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান দলটির নেতারা। একই সঙ্গে তারা জানান, ৩০ ডিসেম্বরের নির্বাচনের ‘তথ্যভিত্তিক অনিয়ম ও জালিয়াতির’ শে^তপত্র প্রকাশ করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এ

মানববন্ধন হয়। কর্মসূচিতে অংশ নিতে সকাল ৯টা থেকে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা সেøাগান দেন। মানববন্ধনকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টা থেকেই প্রেস ক্লাবের বাইরে অতিরিক্ত পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়।

সংসদ অধিবেশন শুরুর চার ঘণ্টা আগের এ মানববন্ধনে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ’৭৫ সালের মতো একই কায়দায় ক্ষমতাসীনরা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে এবং গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে। এ সময় অবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে সম্পূর্ণ ভোট ডাকাতির মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার হরণ করে সংসদ বসিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। নির্বাচন সামনে রেখে সরকার খালেদা জিয়াকে এক বছর আগেই মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংসদ অধিবেশনে যারা বসবে তারা সম্পূর্ণ অবৈধ; জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, যে সংসদ বসতে যাচ্ছে, সেই সংসদ জনগণের সংসদ নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়। এই নির্বাচন নিয়ে তথ্যভিত্তিক একটি শ্বেতপত্র বের করা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, যুবদলের মোরতাজুল করিম বাদরু প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।