চট্টগ্রামে আত্মহননকারী চিকিৎসকের স্ত্রী আটক

চট্টগ্রামে আত্মহননকারী চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মিতুর বিরুদ্ধে আত্মহত্যার প্রপ্ররোচনার অভিযোগ আনা হয়েছে বলে জানায় পুলিশ।

শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগ।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ (৩২) আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

নিহত চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ডা. আকাশ স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে আত্মহত্যা করেছেন। ইনজেকশনের মাধ্যমে শিরায় বিষপ্রয়োগ করে তিনি আত্মহত্যা করেন।

মোস্তফা মোরশেদ আকাশের ফেসবুক পেজে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তিনি দুটি স্ট্যাটাস দিয়েছেন।

এর একটিতে তিনি স্ত্রীর প্রতি পরকীয়ার অভিযোগ তুলে তাকে ‘চিটার’ বলে আখ্যায়িত করেন। ২০০৯ সালে পরিচয়ের পর ২০১৬ সালে তাদের বিয়ে হয় বলে স্ট্যাটাসে জানান চিকিৎসক মোরশেদ।

মোরশেদ নগরীর চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে থাকতেন। তিনি চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে।