বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার স্বস্তি

দিনের শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল শ্রীলঙ্কা। ২৮ রানে তিনটি উইকেট তুলে নেয় তারা। পথ হারানো দলের হাল ধরেন জো বার্নস ও ট্রাভিস হেড। দারুণ ব্যাটিংয়ে দুই জনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। স্বস্তি নিয়ে ক্যানবেরা টেস্টের প্রথম দিন শেষ করেছে অজিরা।

মানুকা ওভালে শনিবারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৩৮৪। বড় সংগ্রহের পথে দলের এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান বার্নস ও হেডের। চতুর্থ উইকেট জুটিতে তাদের ব্যাট থেকে এসেছে ৩০৮ রান।

শুরুতেই তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন বিপর্যয়ে তখন ত্রাতার ভূমিকায় আসেন বার্নস ও হেড। তাদের অনবদ্য জুটিতে দল একশো, দুশো, তিনশো রানের গণ্ডি পার হয় স্বাগতিক দল। বিশাল জুটি গড়ার পথে চতুর্থ টেস্ট শতকের দেখা পান বার্নস; প্রথমবারের মতো তিন অংকের দেখা পান হেড।

দলীয় ৩৩৬ রানে ভাঙে এই জুটি। বিশ্ব ফের্নান্দোর বলে এলবিডব্লিউর শিকার হন হেড। এর আগে ২০৪ বলে খেলেন ১৬১ রানের বিশাল এক ইনিংস। তাতে রয়েছে ২১ চার ও এক ছক্কা।

ক্যারিয়ার সেরা ১৭২ রান নিয়ে অপরাজিত আছেন বার্নস। ২৪৩ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে ২৬টি চারের মার। অপরাজিত থাকা অপর ব্যাটার হলেন কুর্টিস প্যাটারসন। তার সংগ্রহ ৪৮ বলে দুই চার ও এক ছক্কায় ২৫।

লঙ্কান বোলারদের মধ্যে ৯৯ রানে তিনটি উইকেট নিয়েছেন ফের্নান্দো। একটি উইকেট চামিকা করুনারত্নে।

দল দুটির মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানের জয় নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।