গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে সমাধিসৌধের বেদিতে স্পিকারের পর পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। এরপর একে একে সংসদের হুইপরা শ্রদ্ধা জানান।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে হুইপ মো. আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন সমাধির বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সবাই সেখানে দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ নীরবতা অবলম্বন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। স্পিকার বঙ্গবন্ধু ভবনের পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন ও সই করেন। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।