আত্মহত্যায় প্ররোচনা

আকাশের স্ত্রীকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল শনিবার আদালতে এ আবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।নগরীর চান্দগাঁও থানার ওসি আবুল বাশার দেশ রূপান্তরকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই  আবদুল কাদের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন। এ বিষয়ে শুনানির দিন এখনো জানা যায়নি।

গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক আকাশ শিরায় ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। এর আগে ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি স্ত্রীসহ কয়েকজনকে দোষারোপ করেন।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, আকাশের মা জোবেদা খানম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তানজিলা হক চৌধুরী মিতু, তার বাবা-মা-বোন এবং দুই বন্ধুসহ ৬ জনের বিরূদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার রাতে নগরীর নন্দনকাননে খালাতো ভাইয়ের বাসা থেকে মিতুকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।