সরকারি চিকিৎসকদের বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানসহ পাঁচ আইনজীবী এ আবেদন করেন। এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতিকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটিতে সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন জানানো হয়। এছাড়া সরকারি হাসপাতালের সব কার্যক্রম তদারকির পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও নির্দেশনা চাওয়া হয়েছে। এর বাইরে অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা গঠনে একটি স্বাধীন কমিশন গঠনেরও আরজি জানানো হয়েছে।
আইনজীবীরা জানান, গত ২৭ জানুয়ারি লক্ষ্মীপুরে বাবুল হোসেন নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হলে তাকে লক্ষ্মীপুর সদর সরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে তখন কোনো চিকিৎসক পাওয়া যায়নি। হাসপাতালের কার্ডিওলজির চিকিৎসক তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখায় ব্যস্ত ছিলেন। তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় ওই রোগীর মৃত্যু হয়। এ ঘটনার পর সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠান আইনজীবী আবদুস সাত্তার। কিন্তু ওই নোটিসের জবাব না পাওয়ায় তিনি এই রিট আবেদন করেন।