দেশের ৬৮টি কারাগারের জন্য নির্ধারিত সংখ্যক চিকিৎসক নিয়োগ চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ বিষয়ে উদ্যোগ নিতে আইন, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং কারা অধিদপ্তর কর্র্তৃপক্ষকে এ নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার ডাকযোগে এ নোটিস পাঠিয়েছেন আইনজীবী জে আর খান রবিন।
নোটিসে বলা হয়, বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন ও কারা কর্র্তৃপক্ষের তথ্য অনুযায়ী সারা দেশের ৬৮টি কারাগারে মোট ১২৯ জন চিকিৎসক কর্মরত থাকার কথা। কিন্তু সেখানে মাত্র ৯ জন চিকিৎসক প্রায় ৮৯ হাজার কারাবন্দিকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। এমনিতেই নির্দিষ্ট সংখ্যার চেয়ে কারাগারগুলোতে বন্দির সংখ্যা অনেক বেশি। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় কারাবন্দিদের চিকিৎসার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে ৬৮টি কারাগারের জন্য নির্ধারিত বাকি ১২০ জন চিকিৎসক নিয়োগে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন জে আর খান রবিন।