সাংবাদিকদের কাদের

শুধু তৃণমূলের রিপোর্টের ভিত্তিতে মনোনয়ন নয়

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে তৃণমূলের অনিয়ম দেখার জন্যই মনোনয়ন বোর্ড। শুধু তৃণমূলের রিপোর্টের ওপর ভিত্তি করে মনোনয়ন দেওয়া হবে না। এখানে সার্ভে রিপোর্টও দেখা হবে। গতকাল সোমবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ১৫-১৮ জন দরখাস্ত করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা তাদের সিভিসহ অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। দলীয়প্রধান ও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিভিগুলো যাচাই-বাছাই করার জন্য একটি কমিটি করে দিয়েছেন। বিষয়টি তিনি নিজেও দেখছেন। আমরা অনেক যাচাই-বাছাই করে মনোনয়ন দেব।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ভোট ডাকাতি হতে পারে’ বলে বিএনপি যে অভিযোগ তুলছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, নির্বাচনের আগেই তারা হেরে যাচ্ছে। এটা তাদের স্বভাবসুলভ অভিযোগ। যেকোনো নির্বাচনে রেজাল্ট হওয়ার আগপর্যন্ত তারা অভিযোগ করে থাকে।

গণভবনের চা-চক্রকে ‘বিবেকহীন আনন্দের আয়োজন’ বলে বিএনপি যে মন্তব্য করেছে সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে নেতিবাচক রাজনীতিতে গভীর খাদের কিনারায় চলে এসেছে বিএনপি। বেসামাল-বেপরোয়া হয়ে তারা যখন যা খুশি তাই বলছে। বিএনপি-ঐক্যফ্রন্টের নেতারাই শুধু নির্বাচনকে বিতর্ক করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা কে, কী বলল এটা নিয়ে আমাদের আসে যায় না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশে কোনো প্রশ্ন নেই দাবি করে তিনি বলেন, দুনিয়ায় সব সভ্য গণতান্ত্রিক দেশ এই নির্বাচনে বিপুল বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। সরকারের সঙ্গে একযোগে কাজ করার কথা স্বয়ং জাতিসংঘ বলছে।

আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আইনগতভাবেই তাকে মুক্ত করতে হবে। আন্দোলন করে বিএনপি বেগম জিয়াকে মুক্ত করবে এটা দেশের জনগণ আর বিশ্বাস করে না। তাদের আন্দোলনে আষাঢ়ের তর্জন গর্জনে সার। এর কোনো আবেদন নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।