হরিণের চামড়া মাথা মাংস উদ্ধার

সুন্দরবনের কালির খাল এলাকা থেকে হরিণের দুটি চামড়া ও দুটি মাথাসহ ১০ কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কৈখালী স্টেশনের সদস্যরা গত সোমবার রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।  কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা দপ্তরের অপারেশন অফিসার লে. আবদুল্লাহ আল মাহমুদ জানান, পশ্চিম সুন্দরবনের কালির খাল এলাকায় একদল চোরা শিকারি অবস্থান করছেÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কৈখালী স্টেশনের সদস্যরা সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা বনের গহিনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে হরিণের দুটি চামড়া, দুটি মাথা ও ১০ কেজি মাংস উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার হওয়া চামড়া, মাথা ও মাংস রাতেই কৈখালী বন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।