১২ মাদক মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দিল হাইকোর্ট

বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া মাদকের সব মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা এক আসামির জামিন শুনানিকালে এই আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। ইউসুফ মাহমুদ মোর্শেদ দেশ রূপান্তরকে জানান, মাদারীপুরে ২০১৫ সালের ১ ডিসেম্বর ৬০০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান নামে এক

ব্যক্তিকে গ্রেপ্তারের পর রাজৈর থানায় মামলা করে পুলিশ। পরে মাঝখানে কিছুদিনের জন্য জামিনে থাকলেও জামিনের শর্ত ভঙ্গ করায় আবার মিজানুরকে কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষ হাইকোর্টে শুনানিতে বলেছে, তিন বছর ধরে আসামি কারাগারে আছেন। তার বিরুদ্ধে অনেক আগেই অভিযোগপত্র গঠন করা হলেও সাক্ষী না আসায় বিচারকাজ শেষ হচ্ছে না।

ইউসুফ মোর্শেদ বলেন, সাক্ষীর অভাবে দীর্ঘদিনেও বিচার শেষ না হওয়ায় হাইকোর্ট উষ্মা প্রকাশ করে এ আদেশ দিয়েছেন। শুনানি নিয়ে মিজানুরকে অন্তর্বর্তীকালীন জামিনেরও আদেশ দেয় আদালত।

আদালতের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারিক আদালত হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিতে ব্যর্থ হলে বিচারিক আদালত তদারক সংক্রান্ত সুপ্রিম কোর্টের কমিটির কাছে ওই বিচারককে ব্যাখ্যা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট সব জেলার ডিসি, এসপি, ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আদালতকে সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি মামলায় সাক্ষী হাজির করা এবং সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে তৎপর থাকার নির্দেশে দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রে তার গাফিলতি থাকলে বিচারক বিষয়টি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে অবহিত করবেন। আর মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সরকারি কৌঁসুলির (পিপি) গাফিলতি থাকলে তা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে জানাতে বিচারিক আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশ সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়ে দিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের এই বেঞ্চ।