নারী কোটায় ১২০০ শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী কোটায় প্রায় ১ হাজার ২০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য দুই মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন জানিয়েছেন।

দেশ রূপান্তরকে তিনি বলেন, এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানে একজন করে শারীরিক শিক্ষা, সংগীতশিক্ষা বিষয়ের পদ সৃষ্টি করা হয়। এই দুই বিষয়ের শিক্ষক পদ নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। প্রথম পর্যায়ে এনটিআরসিএ প্রায় ১ হাজার ২০০ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই মাসের মধ্যে কার্যক্রম শুরু করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারা দেশে ৩৯ হাজার ৫৩৫ জন শিক্ষক নিয়োগের কার্যক্রম ৭ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর বিশেষ কোটায় (নারী) শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে। ৩৯ হাজার ৫৩৫ পদের জন্য প্রায় ২৬ লাখ আবেদন এলেও প্রায় ৫ হাজার পদে আবেদন আসেনি। এসব শূন্য পদসহ নারী কোটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নারীদের দিয়ে কোটার পদগুলো পূরণ না হলেশূন্য পড়ে পুরুষ নিয়োগ দেওয়া হবে।