সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এটি হবে বৈশ্বিক সমস্যা

রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার-বিষয়ক বিশেষ দূত বব রে-র সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। তবে এটি শুধু মিয়ানমার ও বাংলাদেশের জন্য নয়; বরং এ  অঞ্চলের অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হতে পারে। ফলে এটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রাখাইনে এখনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আর এ কারণেই সেখান থেকে এখনো লোকজন পালিয়ে বাংলাদেশে আসছে। তবে এসব সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার।

এ সময় ট্রুডোর বিশেষ দূত বব রে বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে আমাদের অনেক কিছু করতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি, নিরাপত্তা ও রাজনৈতিক অধিকারসহ রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই জরুরি।’

‘এ ছাড়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেও জেনেছি, তারা তাদের নিজ বাসভূমিতে ফিরতে চায়। তবে অবশ্যই তাদের সে বিষয়ে নিরাপত্তা দিতে হবে’Ñ বলেন বব রে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘তাদের ফেরত পাঠানোর জন্য আলোচনা চলমান রয়েছে। তবে সফল হয় কি না বলতে পারছি না।’

রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা ও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পাঁচ দিনের সফরে গত শুক্রবার দেশে এসেছেন বব রে।