চা শ্রমিকের লাঠির আঘাতে আরেক চা শ্রমিক নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (ভাড়াউড়া চা বাগানে) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক চা শ্রমিকের লাঠির আঘাতে সুধীর হাজরা নামের আরেক চা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই চা শ্রমিকের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় মদ্যপ চা শ্রমিক সঞ্জু গড়ের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন আরেক চা শ্রমিক সুধীর হাজরা।

নিহত সুধীর হাজরা (৫৫) ভাড়াউড়া চা বাগানের মৃত সরজু হাজরার ছেলে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত চা শ্রমিক সঞ্জু গড় পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।