আইসিসি চেয়ারম্যান ঢাকায়

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এখন ঢাকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে গতকাল তিন দিনের বাংলাদেশ সফরে এসেছেন। আজ বৃহস্পতিবার সারাদিন ব্যস্ত সময় কাটাবেন তিনি। সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আইসিসি চেয়ারম্যানকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলা দেখতে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। সেটি রক্ষা করতেই এসেছেন তিনি। আজ তাকে সংবর্ধনা দেবে বিসিবি। শশাঙ্ক মনোহর এখন দ্বিতীয় দফায় আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।