উপজেলা পরিষদ নির্বাচন

সোনারগাঁয়ে আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা সরব, বিএনপি নীরব

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সোনারগাঁয়ে প্রচারে সরব আওয়ামী লীগের প্রার্থীরা, অপরদিকে একেবারেই নীরব অবস্থানে রয়েছে উপজেলা বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন সভা-সমাবেশে নিজেদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষণা দিয়ে সাধারণের দোয়া ও সমর্থন চাচ্ছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন প্রচার। সম্ভাব্য প্রার্থীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালাচ্ছেন। পাশাপাশি ব্যানার-পোস্টার সাঁটিয়ে প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন কেউ কেউ। তবে সোনারগাঁ বিএনপিতে দেখা গেছে এর সম্পূর্ণ উল্টো চিত্র। সোনারগাঁ বিএনপি থেকে কাউকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে দেখা যাচ্ছে না। যদিও বিগত নির্বাচনে এ উপজেলায় বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবারে সোনারগাঁ বিএনপি পুরোপুরি নিশ্চুপ। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এরমধ্যে বর্ধিত সভা করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বাছাই করে কেন্দ্রে তালিকা পাঠিয়েছে। বর্ধিত সভায় আওয়ামী লীগের তৃৃণমূল থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চার জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। এ তালিকায় মাহফুজুর রহমান কালামকে এক নম্বরে রাখা হয়েছে। পরে উপজেলা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, মোশারফ হোসেন এবং এস এম জাহাঙ্গীর হোসেনের নাম রয়েছে।