ইংলিশ চ্যানেলে বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা মৃতদেহটি বিমানসহ নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টি ডরসেট পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা বিবিসি।
গত ১৯ জানুয়ারি ফরাসি ক্লাব নঁতে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে নাম লেখান সালা। ২১ জানুয়ারি নঁতে থেকে নতুন ক্লাবের উদ্দেশে বিমানে রওনা হন আক্রমণভাগের এই খেলোয়াড়। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় নিখোঁজ হয় সালা ও আর পাইলট ডেভিট ইবটসনকে বহনকারী এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি।
অনেক চেষ্টার পর গত সোমবার ইংলিশ চ্যালের নিচে বিমানটি খুঁজে পায় অনুসদ্ধানকারী দল। ধ্বংসাবশেষের নিচে পাওয়া যায় একটি মৃতদেহ। পরিস্থিতি কঠিন হওয়া সত্ত্বেও দুইদিন পর মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ জানিয়েছে, মৃতদেহটি নিখোঁজ ২৮ বছর বয়সী ফুটবলার সালার। তবে এখনো বিমানের পাইলট ইবটসনের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
ডরসেট পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ব্যাপারে সালা ও ইবটসনের পরিবারকে আপডেট তথ্য জানানো হয়েছে। এই ঘটনার তদন্ত অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।