তামিম তাণ্ডবে ঢাকাকে ২০০ রানের লক্ষ্য দিল কুমিল্লা

তামিম ইকবালের আগুনে ব্যাটিংয়ে বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে বিশাল লক্ষ্য বেধে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা জিততে সাকিব আল হাসানের দরকার ২০০ রান।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ পায় কুমিল্লা। দলটির এই সংগ্রহে সবচেয়ে বড় অবদান তামিমের। একাই করেছেন অপরাজিত ১৪১ রান!

বিপিএলের ফাইনালে এটা কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সবচেয়ে বেশি রানের ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলের, অপরাজিত ১৪৬ রান।

ফাইনালের জন্য যেন আদা-জল খেয়ে নেমেছিলেন তামিম। তার সামনে পাত্তা পায়নি ঢাকার কোনো বোলার। শুরুতে খানিকটা সময় নিলেও সময়ের সঙ্গে তামিম আবির্ভূত হন মারমুখো হয়ে। ৩১ বলে অর্ধশতক পূর্ণ করা সেঞ্চুরি তুলে নেন ৫০ বলে! মাত্র ১৯ বলে করেন পরের ৫০!

কুমিল্লার পুরো ইনিংস তামিমময়। ওপেনিং জুটিতে তাকে মোটেই সঙ্গ দিতে পারেননি এভিন লুইস। দলীয় ৯ রানেই রুবেল হোসেন বলে এলবিডব্লিউর শিকার হন এই ক্যারবীয় ব্যাটার।

দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল হককে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে তুলেন তামিম। দলীয় ৯৯ রানে এই ৮৯ রানের এই জুটির লাগাম টানেন সাকিব। এলবিডব্লিউর শিকার হওয়ার ৩০ বলে ২৪ রান করেন এনামুল। দলের স্কোরবোর্ডে আর এক রান জমা পড়তেই রানআউট হন শামসুর রহমান।

এরপর অধিনায়ক ইমরুল কায়েসকে উইকেটের একপ্রান্তে দাঁড় করিয়ে অপর প্রান্ত তাণ্ডব চালান তামিম। শেষ পর্যন্ত ১৪১ রানে অপরাজিত থাকেন বাঁ হাতি এই ব্যাটার। তার ৬১ বলের ইনিংসটিতে রয়েছে ১০ চার ও ১১ ছক্কা! ২১ বলে ১৭ রান অপরাজিত থাকেন ইমরুল।

লিগ পর্বে দুইবারই ঢাকাকে হারিয়েছিল কুমিল্লা। বিশাল লক্ষ্য ছুড়ে দিয়ে ফাইনালও নিজেদের করে নিতে জোরাল সম্ভাবনা জাগিয়েছে দলটি।