যুক্তরাজ্যে অবস্থিত বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুক। তিনি প্রথম বাংলাদেশি; যিনি গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হলেন।
অক্সফোর্ড শিক্ষার্থীদের পত্রিকা অক্সফোর্ড স্টুডেন্ট ডটকম জানিয়েছে, তিন ধাপের নির্বাচনের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েস্টন লাইব্রেরিতে এ ফলাফল ঘোষণা করা হয়। প্রতিটি ধাপেই সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হন অক্সফোর্ডের অধিভুক্ত কুইনস কলেজের ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্রী আনিশা ফারুক।
প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড ইম্প্যাক্ট প্যানেলের প্রার্থী আনিশা শেষ রাউন্ডে পান এক হাজার ৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইভি ম্যানিং পান এক হাজার ৪১৬ ভোট। আরেক প্রার্থী অ্যাস্পায়ার প্যানেলের এলি মিলনে-ব্রাউন দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়েন।
ভোলার চরফ্যাশনের মেয়ে আনিশার ডাক নাম পদ্মা। এর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি লেবার ক্লাবের কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অক্সফোর্ড স্টুডেন্ট পত্রিকার প্রধান সম্পাদক পদেও ছিলেন একসময়। বাবা ফারুক আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত ফারুক সামাজিক যোগযোগমাধ্যম ফেইসবুকে মেয়ের জন্য সবার দোয়া চেয়েছেন।