দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শনিবার দেশব্যাপী পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি। নারায়ণগঞ্জ, টাঙ্গাইলসহ কয়েকটি জেলায় পুলিশি বাধা, ধাওয়া ও গ্রেপ্তারের ঘটনা ঘটলেও অনেক স্থানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ায় বিএনপির দুই গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জে পুলিশের বাধায় পণ্ড হয়েছে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে আটকে রাখা
হয়েছে। বরিশাল নগরের সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে দুপুরে প্রতিবাদ সমাবেশ করে মহানগর বিএনপি। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন। পুলিশের দাবি, আফরোজা একটি নাশকতা মামলার পরোয়ানাভুক্ত আসামি। এদিন দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা বিএনপি। সমাবেশ চলাকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভপাতি জাহাঙ্গীর আলমের পরে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। স্থানীয় নেতাদের আগে বক্তব্যের সুযোগ দেওয়ায় জাহাঙ্গীর তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন। এর জের ধরে সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের মধ্যে ওই দুই নেতার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনের কাছে বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। একটু পরেই পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলে দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। বাধার মুখে শহরের শামছুর রহমান খান পৌর সুপার মার্কেটের সামনে সমাবেশ করে তারা।
রাজশাহী নগরীর মালোপাড়ায় সকালে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচিতে মহানগরের ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়। সভায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।